ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। মঙ্গলবার(৩মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। এ সময় রমজানের গুরুত্ব তুলে ধরে ইফতার মাহফিলে আসা সকলকে আন্তরিক ধন্যবাদ জানান মহিলা বিভাগের সেক্রেটাারি।
ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আরলী, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসিনা পাশা ও জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি। জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান।
এ সময় ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নরীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। শেষে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার ।
