ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ঘণ্টাব্যাপী হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার (৪ মার্চ) উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান মিয়া এক লাখ টাকা ধার নেয়। সেই টাকা যথাসময়ে পরিশোধ না করা নিয়ে মঙ্গলবার আরুশ মিয়া ও নুরধন মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে কয়েকজন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্মচারীর ছুরিকাঘাতে ইবি শিক্ষিকা নিহত