সুন্নতে খৎনা করাতে গিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নিবন্ধন হারানো দুই চিকিৎসক হলেন ডা. সৈয়দ সাব্বির আহমেদ ও ডা. তাসনুভা মাহজাবীন।
বিএমডিসির রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন জানান, এই সময়ের মধ্যে দুই চিকিৎসক কোথাও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে চিকিৎসক পরিচয় দিতে পারবেন না। গত ১ মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর।
বিএমডিসি এ সংক্রান্ত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জারি করেছে। একটিতে বলা হয়েছে, ডা. সৈয়দ সাব্বির আহমেদের বিরুদ্ধে শিশু আয়ান আহমেদের সুন্নতে খৎনায় চিকিৎসাকাজে আনীত অভিযোগের দায় প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২৩ (১) এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা ২০২২ এর বিধান ৩৬ (৪) (খ) অনুযায়ী বিএমডিসির রেজিস্টার হতে তার নিবন্ধন বাতিলপূর্বক ৬ মাসের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু আয়ানের সুন্নতে খৎনা করাতে গিয়ে চিকিৎসায় অবহেলা পরিলক্ষিত না হলেও পেশাসুলভ আচরণের অভাব থাকায় ডা. তাসনুভা মাহজাবীনেরও ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই আইনের ধারা ২২ (১) অনুযায়ী এই সময়ে উল্লিখিত দুই চিকিৎসক বাংলাদেশের অভ্যন্তরে মেডিকেল চিকিৎসক হিসেবে কোনো এলোপ্যাথি চিকিৎসা অথবা নিজেকে মেডিকেল চিকিৎসক হিসেবে পরিচয় প্রদান করতে পারবেন না।
