কুমিল্লায় ২ কোটি ৬৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, প্রসাধনী ও ফুচকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা।

বুধবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালান ১০ বিজিবির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

এ ছাড়া জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ও জোড়া ব্রিজ এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বাজি জব্দ করা হয়। এসব বাজির আনুমানিক বাজারমূল্য ৯৫ লাখ ৬৪ হাজার টাকা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দ করা পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত