কুমিল্লায় বাস খাদে, ২০ মেডিক্যালের শিক্ষার্থী আহত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন-যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। তাদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে তারা সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে রওনা হন। ভোরের দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন।

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। বাসে থাকা ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন আহত হয়েছেন। গুরুতর ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত