বর্তমান বিশ্বব্যবস্থা ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এই বিশ্বব্যবস্থা ভেঙে যাওয়ার একটি চরম উদাহরণ। এখানে দেশগুলো আন্তর্জাতিক নিয়ম ও আইনের তোয়াক্কা না করেই ক্রমবর্ধমানভাবে কাজ করছে। সিডনিভিত্তিক আন্তর্জাতিক নীতিবিষয়ক থিংকট্যাংক লোউই ইনস্টিটিউট-এ দেওয়া এক বক্তৃতায় কার্নি বলেন, ভূ-কৌশলগতভাবে প্রভাবশালী দেশগুলো ক্রমশ কোনো ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা না করে কাজ করে যাচ্ছে। আর তাদের এই আচরণের ফলভোগ করতে হচ্ছে অন্যদের। কার্নি আরও বলেছেন যে, বিশ্বব্যবস্থার এই বিশৃঙ্খলার চরম রূপ এখন সরাসরি মধ্যপ্রাচ্যে দেখা যাচ্ছে। তিনি মনে করেন, প্রভাবশালী দেশগুলোর এই লাগামহীন কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
এর আগে, জানুয়ারিতে সুইজারল্যান্ডের পর্যটন শহর দাভোসে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বক্তব্যেও একই কথা বলেছিলেন মার্ক কার্নি। গত ২০ জানুয়ারি দাভোসের অনুষ্ঠানস্থলে প্রায় ১৭ মিনিটের বক্তব্যে কার্নি শুধু সমতার পক্ষে বা দমনের বিরুদ্ধেই সোচ্চার হননি, পরিবর্তিত বিশ্বপরিস্থিতিতে তিনি দিয়েছেন পথনির্দেশনাও। দাভোসে তার সেদিনের আর্তি ও আর্জি আজ আন্তর্জাতিক রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব পেয়েছে। কোনো রাখঢাক বা ভনিতা না করেই কানাডার প্রধানমন্ত্রী বিদ্যমান বিশ্বব্যবস্থায় ‘ফাটল’ ধরার কথা বলেছিলেন। কার্নির মতে- ভূ-রাজনীতি ও ক্ষমতাবানরা বিশ্ববাসীকে এক লাগামছাড়া, নিয়ন্ত্রণহীন দুনিয়ার দিকে ঠেলে দিয়েছে।
