মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এতে সাগর (২৪) ও সানাউল (১৮) নামক দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। চোর সন্দেহে মৃত দুজনই বেদে সম্প্রদায়ের। এ ঘটনায় জড়িত থাকা চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ২টার দিকে সাতঘড়িয়া গ্রামের বিদ্যুতের তার চুরি করার সময় হাতেনাতে ধরে এলাকাবাসী। পরে দুজনকে আটক করে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনিতে আশঙ্কাজনক অবস্থা হলে চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুজন উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদের ছেলে সাগর ও একই গ্রামের শহিদুলের ছেলে সানাউল।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবৎ চোরের উপদ্রব বেড়ে গেছে। তাই গ্রামবাসী মিলে রাত জেগে গ্রাম পাহারা দিয়ে থাকে। সাতঘড়িয়া খেলার মাঠসংলগ্ন মল্লিক বাড়ি থেকে বিদ্যুতের তার চুরির সময় দুজনকে আটক করা হয়।
এদিকে, এ ঘটনায় দুপুরে গোয়ালীমান্দ্রার বেদে সম্প্রদায়ের শতাধিক লোক এলাকায় প্রবেশ করে বাড়িঘরে হামলা করেছে। এতে আতঙ্কে রয়েছে গ্রামবাসী।
এ বিষয়ে লৌহজং থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চুরির সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরদৌস (৩৮), শামীম (২২), শাওন (২১) ও (অজ্ঞাত) কে গ্রেপ্তার করা হয়।
