বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’সহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’ তাদের উদ্ধার করে।

নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত চলাকালে রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের মধ্যে টহল দেওয়ার সময় ট্রলারটির বিষয়ে তথ্য পায় বানৌজা পদ্মা। পরে কয়েক ঘণ্টা অনুসন্ধান চালিয়ে রাডারের মাধ্যমে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়। এ সময় মাছ ধরার সময় আহত এক জেলেকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।

পরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ট্রলারটিকে প্রায় ২৮ কিলোমিটার টেনে সুন্দরবনসংলগ্ন দুবলার চরে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্টের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রলারসহ ১২ জেলেকে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের বরাতে নৌবাহিনী জানায়, গত ৮ সেপ্টেম্বর পায়রা বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায় ‘এফবি নাঈম’। পরদিন রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ১২ জেলেসহ সেটি সাগরে ভাসতে থাকে।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পৌঁছে দিতে তারা সব সময় প্রস্তুত রয়েছে। সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও উদ্ধার কার্যক্রমেও নৌবাহিনী দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত