পরিবেশ দূষণকারীদের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ এএম

পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি যেকোনো পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর জনগণের জানার জন্য তাদের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রায়ে এ আদেশ দেয়। এ-সংক্রান্তে রিট আবেদনের ওপর দেওয়ার রুলের শুনানি নিয়ে রায় দেয় হাইকোর্ট।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ২০২২ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সিদ্ধান্ত হয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে না। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে একটি রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১৩ জুন পরিবেশ অধিদপ্তরের ওই সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে রুল দেয়। রুলে অধিদপ্তরের এই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণকারী প্রতিষ্ঠানদের নাম প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চায় হাইকোর্ট। গতকাল রুল মঞ্জুর করে এ রায় দেয় হাইকোর্ট। আদালত পরিবেশ দূষণকারীদের নাম না প্রকাশ করাকে বেআইনি ও বাতিল ঘোষণা করে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর বিবাদীদের যেকোনো দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের জন্য নির্দেশ দিয়েছে।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব হলো দূষণ নিয়ন্ত্রণ করার পদক্ষেপ গ্রহণ করা এবং সেসব পদক্ষেপ গ্রহণ প্রকাশ করা। কিন্তু এটি না করে অধিদপ্তর যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তা পরিবেশের বিধান পরিপন্থী। আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত