ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল বুধবার সকালে তিনি পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (টিইউপি) প্রোগ্রামের উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের জীবনমান উন্নয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের কন্যা ও ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (টিইউপি) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবার বিশেষ করে নারীদের ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করছে। এ কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে তোলা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ মডেল ইতিমধ্যে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখছে।
