গোপালগঞ্জে ১০ মণ মরা গরুর মাংস জব্দ, জরিমানা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:১১ এএম

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পৌর বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে প্রায় ১০ মণ মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর মার্কেটে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়।

অভিযানকালে মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাজারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে প্রাণিসম্পদ বিভাগ, স্যানিটারি ইন্সপেক্টর এবং পৌরসভার তদারকি কর্মকর্তাদের উদাসীনতার কারণে কিছু অসাধু ব্যবসায়ী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নিয়ম অনুযায়ী, গরু বাজারে এনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সনদ নেওয়ার পর পৌরসভার তদারকি কর্মকর্তার উপস্থিতিতে জবাই করার কথা। কিন্তু অনেক সময় ব্যবসায়ীরা বাজারের বাইরে গরু জবাই করে মাংস এনে বিক্রি করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত