গুলশানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
শুনানির সময় চার আসামিকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। পরে রাজ্জাকের দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্য তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অন্য আসামিরা হলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। ওইদিন আদালত রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।
এর আগে গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আলী আসামি রিয়াদসহ চারজনের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন।
