হরিরামপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ২০ দোকান

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাজারের একটি ডিজেল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বাজারের বিল্টু দত্ত ও মিন্টু দত্তের ডিজেল ও পেট্রোলের দোকানে ড্রামে জ্বালানি ভর্তি করার সময় হঠাৎ আগুন লাগে। পরে আগুন দ্রুত পাশের একটি হোটেলের গ্যাস সিলিন্ডার ও গ্যাস সিলিন্ডারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় পুরো বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় হোটেল মালিক সুজন সরকার বলেন, “হঠাৎ পাশের দোকানে আগুন লাগে। কিছুক্ষণ পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। কিছু বুঝে ওঠার আগেই আমার দোকানসহ আশপাশের কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।” 

অগ্নিকাণ্ডে মিন্টু দত্ত নামে এক ডিজেল ও পেট্রোল বিক্রেতা গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর বার্ন ইউনিটে পাঠানো হয়।

গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইমদাদুল বলেন, “পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই কয়েকটি দোকানে আগুন লেগে যায়।” খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হরিরামপুর স্টেশনের দুটি এবং আরিচা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার বণিক সমিতির সভাপতি ফরিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডে অন্তত ২০ থেকে ৩০টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত