ধাপে ধাপে এক লাখ জনবল নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেই ধারাবাহিকতায় স্বাস্থ্যখাতে ধাপে ধাপে প্রায় এক লাখ জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে এখনো চিকিৎসকের সংখ্যা কম। তবে প্রতি বছর নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। মাত্র সাত দিন আগে নতুন অনেক চিকিৎসক যোগদান করেছেন। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও চিকিৎসক নিয়োগ অব্যাহত থাকবে।

এসময় মন্ত্রী  জানান, হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরও ঘাটতি রয়েছে।

এই ঘাটতি পূরণে নতুন করে নিয়োগ দেওয়া হবে এবং কিছু ক্ষেত্রে আউটসোর্সিং পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে। দেশে নার্স ও টেকনিশিয়ানের সংখ্যাও তুলনামূলক কম বলেও জানান তিনি। 

তিনি বলেন, কোথাও কোথাও ময়লা-আবর্জনা ও ব্যবহৃত রক্তাক্ত কাপড় সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণ করা হচ্ছে না। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি ওষুধ বাইরে বিক্রির অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ওষুধে বিশেষ চিহ্ন দেওয়া হবে, যাতে সেগুলো বাইরে বিক্রি হলে সহজে শনাক্ত করা যায়। আশপাশের কোনো ফার্মেসিতে এমন ওষুধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত