উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুই পাইলট হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।
শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, কার্বি আংলং জেলায় ভারতীয় বিমানবাহিনীর একটি সু-৩০ এমকেআই বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিমানবাহিনী সূত্রে জানা যায়, রাশিয়ার তৈরি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ হারানোর পর অনুসন্ধান শুরু হয়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।
এদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং "মর্মান্তিক" দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
