চট্টগ্রামের সাতকানিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ন্যায্য মূল্যে এলপিজি গ্যাস বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বাজারে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে উপজেলার কেরানিহাট হক টাওয়ার এবং সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে এই কার্যকক্রের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উদ্বোধন শেষে তিনি বলেন, বাজারে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। তাই ভোক্তাদের স্বার্থ রক্ষায় ন্যায্য মূল্যে গ্যাস বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়। বাজারে যাতে কেউ অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে। উপজেলা প্রশাসন সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করে আসছিল, যার ফলে সাধারণ মানুষের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছিল। তাই প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত দামে গ্যাস বিক্রির এই উদ্যোগ নেওয়া হয়। ১২ কেজি গ্যাস সিলিন্ডারের ১,৩৯৯ টাকা মূল্য ধরা বিক্রি হচ্ছে।
