গ্যাসের দাম বাড়লে বাড়ুক: ট্রাম্প

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও তা নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ইরানকে ঘিরে গড়ে ওঠা সামরিক পরিস্থিতি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। 

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। যখন যুদ্ধ শেষ হবে, দাম খুব দ্রুত আবার নিচে নেমে আসবে। আর যদি কিছুটা বাড়েও, সেটা বাড়তে দিন; সামরিক অভিযান অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম নিয়ে ট্রাম্পের এই বক্তব্য তার আগের অবস্থানের চেয়ে কিছুটা ভিন্ন। গত মাসে কংগ্রেসে দেওয়া ভাষণ এবং টেক্সাসের এক জ্বালানি বিষয়ক সমাবেশে তিনি তেলের দাম কমে আসার বিষয়টি তুলে ধরেছিলেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়টি মোকাবিলায় ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে প্রশাসন। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ইউলস এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রিট তেল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ধস নামার পরিবর্তে উল্টো প্রভাব পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১৬ শতাংশ বেড়েছে।

আমেরিকার অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব স্পষ্ট। গত এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের গড় দাম ২৭ সেন্ট বেড়ে প্রতি গ্যালন ৩.২৫ ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় দাম এখন প্রায় ১৫ সেন্ট বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত