এবার মোহাম্মদ কাইফের সাথে ঝগড়ায় মাতলেন মোহাম্মদ আমির

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:৪০ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন একের পর এক উদ্ভট মন্তব্য এবং ভুলভাল প্রেডিকশন করে সমালোচিত হয়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তাকে নিয়ে বিস্তর হাসাহাসিও হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বিশ্বকাপ ফাইনালের আগে এবং ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফের সঙ্গে তিনি বাগযুদ্ধে লিপ্ত হলেন।

ভারতীয় দলের বিরুদ্ধে ধারাবাহিক মন্তব্য করায় কাইফ সম্প্রতি আমিরকে উদ্দেশ্য করে বলেন, ‘আমির শুধু শিরোনামে থাকার জন্য ভারতকে নিয়ে মন্তব্য করছেন। আমাদের নিজেদের বিষয়গুলো নিয়ে মনোযোগী হওয়া উচিত, অন্যদের মন্তব্যে নয়।’

এর প্রতিক্রিয়ায় আমির বলেন, ‘আমি জানি না তার ক্রিকেট ক্যারিয়ার কতদূর গিয়েছিল। তবে আমি তার পরিসংখ্যান দেখেছি, আইপিএলে মাত্র ২৯টি ম্যাচ খেলেছেন, স্ট্রাইক রেট ১০৩। তিনি বললেন আমি ভারতের বিষয়ে মন্তব্য করছি দর্শক আকর্ষণ করতে। প্রথমেই বলছি, কারও মনোযোগ পেতে আমাকে ভারতের বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। মিস্টার কাইফ, আমি ৩৫০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছি, আপনি চাইলে আমার পরিসংখ্যান দেখতে পারেন।’

খেলোয়াড়ী জীবনে কাইফ ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। সেই প্রসঙ্গ তুলে কাইফকে খোঁচা মেরে আমির আরও বলেন, ‘আরও বড় কথা হলো, আমি শুধু ফিল্ডিংয়ের জন্য ক্রিকেট খেলিনি। আমি পারফরম্যান্স দিয়ে দলে সুযোগ পেয়েছি। কাইফ, আপনি শুধু ফিল্ডিংয়ের জন্য খেলতে পেরেছেন। আপনি ক্রিকেটার, এই ধরনের মন্তব্য আপনার জন্য মানানসই নয়। আপনাকে অবশ্যই দাদাকে (সৌরভ গাঙ্গুলি) ধন্যবাদ জানানো উচিত (দলে সুযোগ দেওয়ার জন্য)।’

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীণ ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ‘ওয়ান-ডাইমেনশনাল’ এবং ‘স্লগার’ বলে সমালোচনা করেছিলেন আমির। অন্যদিকে কাইফও পাল্টা জবাবে ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে তারা যে ম্যাচ হেরেছিল, সেই একাদশে আমিরও ছিলেন। তার সেই ওভারে বাউন্ডারি হজমের পাশাপাশি অনেকগুলো ওয়াইড দিতে দেখেছি। তার বল স্টাম্পেও ছিল না। এই কারণে দল হেরে গেছে। আমরা কেন তার মন্তব্য নিয়ে এত মনোযোগ দেব? তাদের মন্তব্য নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত