ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে হরমুজ প্রণালিতে চলাচল নিষিদ্ধ এবং ওই এলাকা অনিরাপদ-এমন একাধিক সতর্কবার্তা উপেক্ষা করার পর ওই ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শনিবার (৭ মার্চ) সকালে নিয়ম ভঙ্গকারী ওই ট্যাঙ্কারে এই হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্যাঙ্কার জাহাজ বিষয়ক ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘প্রিমা’ নামের এই জাহাজটি একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাঙ্কার, যা মাল্টার পতাকাবাহী জাহাজ হিসেবে নিবন্ধিত।
প্রসঙ্গত, ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনমূলক ‘অপারেশন ইপিক ফিউরি’ শুরুর পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালিতে চলাচলকারী বিভিন্ন জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে আইআরজিসি। এরই ধারাবাহিকতায় কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১০টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান।
