সমন্বিত ইসলামি ব্যাংকে স্বাভাবিক হচ্ছে লেনদেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

গ্রাহকদের অর্থ উত্তোলনের আবেদনের বিপরীতে টাকা পরিশোধে গতি বাড়িয়েছে সমন্বিত ইসলামি ব্যাংক। অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরুর চতুর্থ দিনে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর), ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করেছে ব্যাংকটি। এর মধ্য দিয়ে চার দিনে মোট ৩৪ হাজার ৯৭ জন গ্রাহককে ১ হাজার ৪৩১ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।

গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহ এবং ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেনও অব্যাহত রয়েছে। ফলে ধীরে ধীরে ব্যাংকটির লেনদেন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের আবেদন গ্রহণ শুরু হয়। এর ছয় দিন পর, ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ। প্রথম দিন ৮ হাজার ১২৫ জন গ্রাহককে ৩১৯ কোটি টাকা দেওয়া হয়। ওই দিন ব্যাংকের ক্যাশে ৯৩ কোটি টাকা এবং আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে আরও ৫১ কোটি টাকা আসে। সব মিলিয়ে ব্যাংকে ১৪১ কোটি টাকার অর্থপ্রবাহ ছিল। ওই দিন মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।

পরদিন, ৮ সেপ্টেম্বর, ৭ হাজার ২৩৪ জন গ্রাহককে ৩৪০ কোটি টাকা পরিশোধ করা হয়। একই দিনে ব্যাংকের ক্যাশে ৯০ কোটি এবং বিইএফটিএন, আরটিজিএস ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে ১০৫ কোটি টাকা আসে। অর্থাৎ, ওই দিন ব্যাংকে মোট ১৯৫ কোটি টাকার অর্থপ্রবাহ ছিল। এদিন ১৬ হাজার ৫০টি লেনদেন সম্পন্ন হয়।

এর পরদিন, ৯ সেপ্টেম্বর, অর্থ পরিশোধ আরও বেড়ে ৩৮১ কোটি টাকায় দাঁড়ায়। এদিন ১০ হাজার ৬৯৭ জন গ্রাহককে এ অর্থ দেওয়া হয়। আর সর্বশেষ ১০ সেপ্টেম্বর ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

এদিকে, টাকা উত্তোলনের আবেদনও প্রতিদিন জমা পড়ছে। ১ সেপ্টেম্বর প্রথম দিন ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩ জন গ্রাহক ১ হাজার ১৬ কোটি টাকা এবং ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।

সর্বশেষ ১০ সেপ্টেম্বর নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন গ্রহণ করা হয়েছে। এসব আবেদনের বিপরীতে অর্থের পরিমাণ ৩৭৪ কোটি টাকা। ফলে নতুন আবেদন গ্রহণের পাশাপাশি আগের আবেদন অনুযায়ী গ্রাহকদের অর্থ পরিশোধও চলছে।

ব্যাংকটির তথ্য বলছে, গ্রাহকদের অর্থ পরিশোধের পাশাপাশি ব্যাংকে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। বিশেষ করে ৭ ও ৮ সেপ্টেম্বর নগদ অর্থের পাশাপাশি আরটিজিএস, বিইএফটিএন ও ক্লিয়ারিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যাংকে এসেছে। একই সঙ্গে ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেনও চলমান রয়েছে।

ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রাহকদের অর্থ পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিদিনের আবেদন ও ব্যাংকে আসা অর্থের প্রবাহ বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে গ্রাহকদের টাকা পরিশোধ করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমন্বিত ইসলামি ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আবিদুর রহমান শিকদার দেশ রূপান্তরকে বলেন, গ্রাহকদের আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাঁদের অর্থ উত্তোলন করছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ এবং ব্যক্তিগত হিসাবের স্বাভাবিক লেনদেনও অব্যাহত রয়েছে।

তিনি বলেন, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবেদন অনুযায়ী পর্যায়ক্রমে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত