যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম

এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এবার সরাসরি মস্কো তেহরানের পাশে দাঁড়ানোর অভিযোগ উঠেছে। রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা ব্যবহার করে তেহরান এই অঞ্চলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে কৌশলগত গোয়েন্দা সহায়তা দিচ্ছে, তবে এই সহায়তার সঠিক পরিধি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে হোয়াইট হাউস এই প্রতিবেদনকে খুব একটা গুরুত্ব না দিলেও মস্কোর গোয়েন্দা তথ্য সরবরাহের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুক্রবার সাংবাদিকদের বলেন, এর ফলে ইরানের সামরিক অভিযানে কোনো ধরনের পার্থক্য তৈরি হচ্ছে না, কারণ আমরা তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তারা ‘সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’ এবং প্রয়োজনীয় যুদ্ধ পরিকল্পনায় এই বিষয়টি আমলে নেওয়া হচ্ছে।

রাশিয়া ও ইরানের মধ্যে এই ধরনের সম্পর্ক অবশ্য নতুন নয়। পরমাণু কর্মসূচি ও হিজবোল্লাহ, হামাস, হুতিদের মতো আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সমর্থন করার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন ইরানের মিত্রসংখ্যা হাতে গোনা। সেই অল্প কয়েকটি মিত্রের একটি হলো রাশিয়া।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে রাশিয়া। গত পাঁচ বছর ধরে চলা সেই যুদ্ধে সামরিক সহায়তার প্রতিদানস্বরূপ মস্কো এখন তেহরানকে এই গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা সতর্ক করছেন, নতুন মাত্রার এই সহযোগিতা মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত