দুবাই বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

ড্রোন হামলার মুখে বন্ধ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর আবারও ফ্লাইট চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি)।

শনিবার (৭ মার্চ) সকালে অজ্ঞাত স্থান থেকে আসা একটি ড্রোন আঘাত হানার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিচ্ছে যে, নিশ্চিত বুকিং না থাকলে যেন তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা না দেন। কারণ ফ্লাইট সূচিতে এখনো পরিবর্তন আসছে। এয়ারলাইন্সগুলো তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিয়মিত হালনাগাদ তথ্য দিচ্ছে।

এদিকে, সাময়িক বিরতির পর আবার ফ্লাইট পরিচালনা শুরু করেছে দুবাইভিত্তিক দূরপাল্লার এয়ারলাইন্স এমিরেটস। শনিবার বিকেলের যেসব ফ্লাইটের বুকিং নিশ্চিত রয়েছে, সেসব যাত্রীদের বিমানবন্দরে যেতে বলা হয়েছে। দুবাই হয়ে যাদের ট্রানজিট রয়েছে তারাও ভ্রমণ করতে পারবেন, তবে শর্ত হলো তাদের সংযোগ ফ্লাইট চালু থাকতে হবে।

যাত্রীরা চাইলে ৩০ এপ্রিলের মধ্যে নতুন করে ফ্লাইট বুকিং করতে পারবেন। ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করা থাকলে সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। সরাসরি বুকিং করা হলে এমিরেটসের সাপোর্ট সাইটে গিয়ে তা পরিবর্তন করা যাবে।

সরাসরি বুকিং করা যাত্রীরা অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। আর ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করা হলে রিফান্ডের জন্য সেই এজেন্টের মাধ্যমেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত