‘এই মন তোমাকে দিলাম’

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:২১ এএম

বহুমুখী প্রতিভার অধিকারী প্রখ্যাত সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার এক অসামান্য প্রতিভার স্বাক্ষর। একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত সংগীতাকাশের উজ্জ্বল এই নক্ষত্রের এবং কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ঈদে বিটিভিতে প্রচারের উদ্দেশ্যে ৬ মার্চ রাতে ধারণ করা হয়েছে এক বিশেষ সংগীতানুষ্ঠান। যার নাম রাখা হয়েছে ‘এই মন তোমাকে দিলাম’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তরিকুজ্জহামান মিলন। পরিকল্পনায় পিয়াল হাসান। অনুষ্ঠানে গল্প ও আড্ডার ফাঁকে ফাঁকে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ারের উপস্থাপনায় একে একে সংগীত পরিবেশন করেছেন রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, পিয়াল হাসান, রাশেদ, সাব্বির জামান, স্বরলিপি, সুস্মিতা, নদী এবং দিঠি। অনুষ্ঠান নিয়ে দিঠি জানান, এতে বিশেষ অতিথি ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী ও গাজী মাজহারুল আনোয়ারের ছেলে শরফরাজ আনোয়ার উপল।

এদিকে আগামী ৯ মার্চ দিঠির জন্মদিন। তার আগেই দেশে ফিরেছেন তিনি। অনুষ্ঠানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে গত ৫ মার্চ আমি দেশে ফিরি। দেশে ফেরার আগেই এই আয়োজন নিয়ে পরিকল্পনা হয়। মূলত আমি এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজ করেছি। অয়োজনে প্রতিটি গানের পটভূমি আমি তুলে ধরেছি, কিছু গানের পটভূমি ভাইয়াও তুলে ধরেছেন। আম্মু মূলত এই আয়োজনে আব্বুর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। পরিচালক হিসেবে বাবা কেমন ছিলেন এবং কেমন ছিল তার গ্রহণযোগ্যতা অর্থাৎ আব্বুর চলচ্চিত্র জীবন নিয়ে ভাইয়া কথা বলেছেন। এর আগেও আব্বুকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই আয়োজনটি একটু বেশিই সুন্দর হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত