প্রথমবার ওয়েব সিরিজে কুসুম

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:২১ এএম

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ কুসুম শিকদার। ক্যামেরার সামনে অনিয়মিত এই অভিনেত্রী প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী ২’ ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন তিনি। প্রেম, পরকীয়া, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে সিরিজটির গল্প আবর্তিত হয়েছে। প্রথমবারের মতো ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কুসুম বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে মাধ্যমটা তেমন মুখ্য নয়। শুটিংয়ের সময় আমার কাছে কোনো পার্থক্য মনে হয়নি। চরিত্র অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আর জয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, বোঝাপড়াটা ভালো। পুরনো সহশিল্পীদের সঙ্গে কাজ করা সব সময় আনন্দের।’

আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ‘পাপ কাহিনী ২’ মুক্তির কথা রয়েছে। তবে সিরিজের গল্প সম্পর্কে মুখ খুলতে চাননি এই অভিনেত্রী। কাজটি দর্শকের ভালো লাগবে বলে প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।

অভিনয়ের পর এবার তিনি গানেও ফিরলেন এই অভিনেত্রী। দীর্ঘ ৯ বছর পর কুসুমের কণ্ঠে কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’ গানটি প্রকাশিত হলো সম্প্রতি। 

এ প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘আমি মূলত নজরুল সংগীতশিল্পী। তাই কাজী নজরুল ইসলামের গান দিয়ে ফেরাটা ভীষণ ভালো লাগছে। ২০১৭ সালে শেষ গান প্রকাশ পেয়েছিল তার।

এ ছাড়া আরেকটি ব্যতিক্রম বিষয় হলো, এটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে এআই দিয়ে। প্রযুক্তিগত দিক থেকে পুরো পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরাও এর সঙ্গে তাল মেলাচ্ছি, এটা ভালো দিক।’

সর্বশেষ সর্বাধিক পঠিত