কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ১৯৪৪ জনের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন শিক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধিত ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট চলতি বছরের এসএসসি পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এতে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ। ঘোষিত ফলে অসন্তুষ্ট হয়ে গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ সময় ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী মোট ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জানান। 

আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রকাশিত ফলাফলে ১ হাজার ৯৪৪ জনের ফলে পরিবর্তন আসে। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, পরিবর্তন আসা শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৬০৮ জনের জিপিএ বা গ্রেড উন্নত হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ জানান, পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী নিখুঁতভাবে যাচাই-বাছাই শেষে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।

একাদশ শ্রেণিতে আবেদনের সুযোগ সংশোধিত ফলাফলে যাদের ফল পরিবর্তন হয়েছে, সেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন করে আবেদনের সুযোগ পাবেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর তারা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন বলে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত