নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অগ্নিকাণ্ডে জুতা ও ত্রিপালের দুটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার রাতে উপজেলা সদরের ধান মহাল রোড এলাকায় স্থানীয় ব্যবসায়ী রিপন খান ও স্বপন দাসের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গুদামগুলোতে বিপুল পরিমাণ মালামাল মজুদ করা ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, শনিবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে ধান মহাল রোড এলাকায় হঠাৎ বিদ্যুৎ আসার পর একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন-এর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এরই মধ্যে ব্যবসায়ী রিপন খান ও স্বপন দাসের দুটি গুদামে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
অভিযোগ অস্বীকার করে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা রওনা দেন এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, রিপন খানের গুদামে থাকা জুতার প্রায় সব মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের স্বপন দাসের ত্রিপালের গুদামটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতরের আগে এমন দুর্ঘটনায় ব্যবসায়ী রিপন খান প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নারীর জন্য নিরাপদ বিশ্ব 