ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নতুন করে বলার তেমন কোনো প্রয়োজন পড়ে না। সময় ও জনপ্রিয়তার সঙ্গে আপন দ্যুতিতে এগিয়ে চলছে অনুষ্ঠানটি। পরিণত হয়েছে ঈদ ঐতিহ্যে। প্রতিটি আয়োজনেই থাকে দুর্দান্ত ব্যতিক্রমী সব ভাবনা-পরিকল্পনা। আর সেসবের বাস্তবায়নে থাকে নান্দনিক মুনশিয়ানা। এর মূল কারণ হানিফ সংকেতের নান্দনিক ও সৃজনশীল উপস্থাপনা, গ্রন্থনা ও পরিচালনা। এবারের ঈদের বিশেষ ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। সময়ের আলোচিত চিত্রতারকা শবনম ইয়াসমিন বুবলী এবং বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। পেশাদার সংগীতশিল্পী না হয়েও পেশাদার শিল্পী ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী এমনটাই জানিয়েছে ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। এই গানটির মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
সাম্প্রতিক সময়ে সংগীতশিল্পী নন, এমন তারকারা ইত্যাদিতে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে দর্শক-শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন, হয়েছেন আদৃত। জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণ গেয়েছিলেন শিল্পী তাহসানের সঙ্গে। হয়েছেন আলোচিত, প্রশংসিত। আবার চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জনপ্রিয় টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি প্রথমবারের মতো ইত্যাদিতে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সংগীতশিল্পী না হয়েও তারা গেয়েছেন পেশাদার শিল্পীর মতোই। অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোটা ইত্যাদি বেশ পুরনো ধারা। যে ধারায় ইতিপূর্বে শামিল হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এসআই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকেই। তারই ধারাবাহিকতায় এবারে গাইছেন বুবলী ও ইমরান।
গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কি এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটিও আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।