এই ঈদে

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৪৬ এএম

একাধিক গানে ফাহমিদা

এবারের ঈদে একাধিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার জন্য তিনটি গানের সুর করেছেন শামস সুমন। গানগুলোর শিরোনাম ‘দুঃখের দলিল’, ‘আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’। তিনটি গানই লিখেছেন গোলাম মোর্শেদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। জানা গেছে, গীতিকার গোলাম মোর্শেদের উদ্যোগেই গান তিনটি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। ফাহমিদা নবী বলেন, ‘সুমন খুব ভালো সুর করে। তার সুরের মাঝে নাইনটিজের একটা সিগনেচার আছে, যা আমাকে খুব আকৃষ্ট করেছে। সুমন খুব ভালো মনের মানুষ এবং তার সুরের মাঝে ভীষণ আবেগ আছে, যা শিল্পীকে ভীষণ স্বাচ্ছন্দ্যে পরম ভালো লাগা নিয়ে গাইতে উদ্বুদ্ধ করে। আমি সত্যিই সুমনের সুরের মূর্ছনায় এ তিনটি গানেই যেন শব্দে শব্দে সুরে সুরে সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানই এক কথায় মনে গেঁথে থাকার মতোই লিখেছেন। তিনটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’

ফের নিলয়ের সঙ্গে অর্পা

সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে প্রজন্মের উঠতি ও ব্যস্ত অভিনেত্রী সুমাইয়া অর্পা আবারও অভিনয় করছেন। আগামী ঈদে প্রচারের জন্য নির্মিত হচ্ছে নাটক ‘সিঙ্গেল ফাদার’। মুহিন খানের রচনা ও পরিচালনার এই নাটকটি নিয়ে অর্পা জানান, নিলয়ের সঙ্গে এই নাটকে একটা প্রেম-প্রেম একটা ভাবের সম্পর্ক গড়ে ওঠার গল্প দেখা যাবে। এই অভিনত্রী বলেন, ‘নিলয় আলমগীর ভাই ভীষণ ভালো মনের একজন মানুষ। সেই সঙ্গে তিনি একজন গুণী অভিনেতাও বটে। আমার অভিনয় জীবনের শুরু থেকেই বলা যায় তারসঙ্গে নাটকে অভিনয় করার সুযোগ হয়ে আসছে। তিনি অভিনয়ে সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। সিঙ্গেল ফাদার নাটকে তার সঙ্গে অভিনয় করে খুব ভালো লাগল। ধন্যবাদ পরিচালক মুহিন ভাইকে আমাকে আবারও সুন্দর একটি গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’ এর আগে আরও ১৫টিরও বেশি নাটকে  নিলয় আলমগীরের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন অর্পা।

সর্বশেষ সর্বাধিক পঠিত