কক্সবাজার টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ থানাধীন বাহারছড়ার নোয়াখালী জুম্মাপাড়া এলাকার মানবপাচারকারী মো. আব্দুল আলী এলজিইডি রোডসংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গতকাল মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র্যাবের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
