গণভোটের মাধ্যমে দেওয়া জনগণের রায় মেনে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক সমাজ ও রাজনৌতিক দলগুলো। রবিবার (৮ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি নাগরিক সমাবেশ ও সংলাপে এই দাবি জানানো হয়।
গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা গত ১৭ ফেব্রুয়ারি বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে শপথ না নেওয়ার সমালোচনা করেন ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, এটি গণভোটের গণরায়ের প্রতি অশ্রদ্ধার।
আইনজীবী শিশির মনির বলেন, যেই ৭৮ জন সংসদ সদস্য সংবিধান সংস্কার সভার শপথ নিয়েছেন তাদেরকে আগামী কিছু দিনের মধ্যে সংবিধান সভার অধিবেশন ডাকার পরামর্শ দেন।
তিনি বলেন যে রাজনৈতিক ব্যাপারে বিচারবিভাগকে জড়ানো হচ্ছে যা অতীতে কোনো ভালো ফলাফল দেয়নি, ভবিষ্যতেও দেবে না। জুলাই বিপ্লব সংবিধান মেনে হয় নাই, সংবিধানের দৃষ্টি দিয়ে দেখতে গেলে শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, বর্তমান সরকারও আদালত দ্বারা অবৈধ ঘোষণা হতে পারে।
বিএনপিকে রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানিয়ে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের অতীতের ইতিহাস সাক্ষ্য দেয় যে ব্যাপক ভোটের নির্বাচিত সরকার খুব দ্রুতই মেয়াদ শেষের আগেই জনরোষে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এনসিপি সংসদের ভেতরে ও বাহিরে গণভোট ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য লড়াই করে যাবে। জুলাই শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে জনগণের প্রতি এটি এনসিপির অঙ্গীকার।
নাগরিক সমাজের পক্ষ থেকে সভায় আরও বক্তব্য দেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, সুজনের বদিউল আলম মজুমদার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. দিলারা জামান, মানবাধিকারকর্মী রুবি আমাতুল্লাহ, নারী সংগঠক ও উদ্যোক্তা ফারহানা সূচি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, ভয়েস ফর রিফর্মের হাসিব হোসেনসহ অনেকে। এতে অয়শ নেন জুলাই রাজবন্দী এলায়েন্স, মঞ্চ ২৪, তারুণ্যের জুলাইসহ বেশ কিছু জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম থেকে সদস্যরা।
