ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের ফেরত চাওয়া হবে: শামা ওবায়েদ

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গতকাল আমরা জানতে পেরেছি, কলকাতা পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। কলকাতার উপকমিশনার ইতোমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছি। কারণ আমাদের কাছে যে তথ্য আছে, তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। কনস্যুলার অ্যাক্সেস পাওয়ামাত্রই আমরা সামনের দিকে এগোতে পারব। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি এ আসামিরা শনাক্ত হয়, তাহলে আমরা ভারত সরকারের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বন্দিদেরকে ফেরত আনার ব্যবস্থা করব।

শামা ওবায়েদ বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই আমরা তাদের ফিরিয়ে আনব। গতকাল রবিবার কলকাতায় কনস্যুলার অ্যাক্সেসের আবেদন করা হয়েছে। এই অ্যাক্সেস পেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) যশোর সীমান্তসংলগ্ন বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। এসটিএফের দেওয়া তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন ঢাকার বাসিন্দা। ফয়সাল হাদি হত্যা মামলার প্রধান আসামি।

সর্বশেষ সর্বাধিক পঠিত