ব্রাহ্মণবাড়িয়ায় দুটি কাপড়ের দোকানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে এক অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করে। অভিযানে দুটি কাপড়ের দোকানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র্যাবের একটি দল উপস্থিত ছিলো।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পৌর এলাকার সড়ক বাজার ও নিউমার্কেটের পাইকারি ও খুচরা কাপড়ের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, কাপড়ের পাইকার ও খুচরা দোকানগুলোতে বিদেশি কাপড় বিক্রয়ের সময় এর প্রমাণ দেখাতে পারে নি। ক্রয়ের প্রমাণক না থাকার কারণে কাপড়ের ক্রয় মূল্য, বৈধ পথে এসেছে কিনা, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েছে কি-না, নকল পণ্য কিনা তা নিয়ে সংশয় থাকে।
এসব অভিযোগে শাড়ি বিচিত্রাকে ১লাখ টাকা ও বি. বাড়িয়া ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে পণ্যের সঠিক ঘোষণা প্রদান, সঠিক সোর্সিং সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ, অস্বাভাবিক মুনাফা অর্জন না করা, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য না নেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করার পাশাপাশি সতর্ক করা হয়।