চাঁদাবাজ-দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন চলবে না: পাটওয়ারী

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার কাজ দ্রুতগতিতে বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের এখনো সময় আছে। তা না হলে আগামী ১২ মার্চ তারা সংসদ ভবনের সামনে অবস্থান নেবেন। সেখানে গিয়ে তারা জানিয়ে দেবেন, সংসদের ভিতরে গুন্ডা, মাস্তান, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নিয়ে আর অধিবেশন চলতে দেওয়া হবে না। যারা সংসদে গুন্ডা-মাস্তান হয়ে বসে আছে, তাদের জবাবদিহির আওতায় এনে ঠিক করতে যেসব সংস্কার দরকার, সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানাবেন তারা।

আজ সোমবার (৯ মার্চ) খুলনায় এনসিপির সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেক মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের ওপর দাঁড়িয়েই অনেকে আজ সংসদ ভবনে। এই সংসদ নির্বাচন রিফর্ম অ্যাসেম্বলি বা সংস্কার সভা নামে একটি অধিবেশন হওয়ার কথা ছিল। তারেক রহমান বলেছিলেন, সবাই যেন গণভোটে ‘হ্যা’ দেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, সেটা তাঁর মুখের কথাই ছিল, অন্তরের কথা ছিল না।

তিনি আরও বলেন, এখনো বাংলাদেশের অনেক জায়গায় সমঝোতার নামে আঁকিবুঁকি কেটে চাঁদাবাজদের স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। ভদ্রতার মুখোশ পরে অনেক কেন্দ্রীয় নেতা খুলনায় এসে চাঁদাবাজি করছেন। তাদের নাম ও পরিচয় আমাদের জানা আছে। তিনি হুঁশিয়ার করে বলেন, শেষ সময়ে এসে ভদ্র সাজবেন না। যা কিছু বেআইনি কাজ করছেন, সেসব এখনই বন্ধ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত