মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছাল

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেহ উদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ অবশেষে নিজ বাড়িতে পৌঁছেছে। প্রিয়জনের মরদেহ ঘরে ফিরতেই স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

সোমবার (৯ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার গাজিটেকা গ্রামে তার বাড়িতে মরদেহ পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা ভিড় জমান। দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেলেও সেটি নিথর দেহ, এ দৃশ্য দেখে শোকের মাতমে ভেঙে পড়েন স্বজনরা। পরে বিকাল ৫টায় তার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মন্ত্রী নিজেই মরদেহ নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় তার বাড়িতে পৌঁছে দেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। সেখানে তিনি পানি সরবরাহকারী একটি গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত