পবিত্র রমজান মাসকে সামনে রেখে দুধ ও দুগ্ধজাত পণ্যের বাড়তি চাহিদার সুযোগ নিয়ে যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া এলাকায় গড়ে ওঠা একটি ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাজিয়া গ্রামে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন যশোর ক্যাম্পের কমান্ডার মেজর এ.টি.এম. ফজলে রাব্বী প্রিন্স। এ সময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পাজিয়া গ্রামের একটি স্থানে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করা হচ্ছে। রমজানকে সামনে রেখে দুধের বাড়তি চাহিদাকে পুঁজি করে একটি অসাধু চক্র বিভিন্ন রাসায়নিক উপাদান ও ক্ষতিকর পদার্থ মিশিয়ে ভেজাল দুধ উৎপাদন করছিল।
অভিযান চলাকালে কারখানার ভেতর থেকে ভেজাল দুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির দায়ে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন রামপ্রসাদ ঘোষ (২৯), বুদ্ধদেব ঘোষ (২৮), অরূপ ঘোষ (২৭), স্বপন ঘোষ (৬৮) এবং পার্থ ঘোষ (১৯)। তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
