তীব্র পানি সংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:১৯ এএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে পানি সংকটের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। মরুপ্রধান এই অঞ্চলের টিকে থাকার প্রধান অবলম্বন ‘ডিস্যালিনেশন প্ল্যান্ট’ বা পানির লবণাক্ততা দূরীকরণ কেন্দ্রগুলো এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত রবিবার বাহরাইনের একটি পানি শোধনগার ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর একদিন আগে ইরান জানিয়েছিল, তাদের কেশম দ্বীপের একটি পানি শোধনগারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল প্রাকৃতিকভাবে অত্যন্ত শুষ্ক। বৃষ্টিপাত কম এবং মিঠা পানির উৎস সীমিত। ফলে এই অঞ্চলের দেশগুলো পানির বড় অংশই পায় সমুদ্রের পানি বিশুদ্ধ করে। আরব সেন্টার ওয়াশিংটন ডিসির তথ্যমতে, বিশ্বে মোট ডিস্যালিনেশন সক্ষমতার প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলো। বিশ্বের মোট পরিশুদ্ধ সমুদ্রের পানির প্রায় ৪০ শতাংশ এখানেই উৎপাদিত হয়। দেশভেদে পানির নির্ভরতার হারও অনেক বেশি। যেমন কুয়েতে সুপেয় পানির প্রায় ৯০ শতাংশ, ওমানে ৮৬ শতাংশ, সৌদি আরবে প্রায় ৭০ শতাংশ ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪২ শতাংশ পানি ডিস্যালিনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। এসব দেশে চার শতাধিক ডিস্যালিনেশন প্ল্যান্ট রয়েছে।

১৯৯০ ৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতের বেশিরভাগ ডিস্যালিনেশন স্থাপনা ধ্বংস করে দেয় ইরাক। যার ফলে দেশটির পানি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছিল। এসব প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হলে শহরগুলোর পানির সরবরাহ দ্রুত কমে যেতে পারে, কৃষি ও খাদ্য উৎপাদনে চাপ তৈরি হতে পারে। এই প্রক্রিয়ায় সাধারণত দুটি প্রযুক্তি ব্যবহার করা হয় তাপ প্রয়োগ করে পানি বাষ্পে পরিণত করে পরে তরলে রূপান্তর। তবে উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ ‘রিভার্স অসমোসিস’ প্রযুক্তি ব্যবহার করে। বিশেষজ্ঞদের মতে, এসব স্থাপনায় হামলা হলে শুধু পানি সরবরাহই নয়, পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, ছোট উপসাগরীয় দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেÑযেমন বাহরাইন, কুয়েত ও কাতার। কারণ এসব দেশের বিকল্প পানি উৎস খুবই সীমিত এবং কৌশলগত পানির মজুদও তুলনামূলক কম। তবে বড় দেশগুলো কিছুটা প্রস্তুতি রেখেছে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৪৫ দিনের পানির মজুদ ধরে রাখার পরিকল্পনা করেছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোকে পানি নিরাপত্তাকে আঞ্চলিক নিরাপত্তা হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যদি আরও বিস্তৃত হয় এবং জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর মতো পানির স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের অনেক দেশে মানবিক সংকট তৈরির আশঙ্কা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত