স্কটল্যান্ডের ব্যস্ততম রেলস্টেশনের কাছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড গ্লাসগোর একটি ঐতিহাসিক ভবনকে গ্রাস করার পর সেটির অংশবিশেষ ধসে পড়েছে। স্থানীয় সময় গত রবিবার চারতলা একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কয়েক ডজন দমকলকর্মী ইউনিয়ন স্ট্রিটের ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। স্কটিশ দমকল ও উদ্ধার বিভাগ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে তারা ১৮টি যন্ত্র ও সরঞ্জাম ব্যবহার করেছেন, তার মধ্যে অনেক উঁচুতে পৌঁছানো যায় এমন তিনটি গাড়িও ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, এক দোকানের দরজার দিক থেকে ধোঁয়া বের হচ্ছে। এক ব্যক্তি একটি আগুন নেভানোর এক্সটিঙ্গুইশার থেকে ওই ধোঁয়াতে সামান্য রাসায়নিক ছিটিয়ে দেন, পরে তাকে আশপাশের লোকজন সরিয়ে নেয়। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি। এক্স পোস্টে তিনি বলেন, ভ্রমণ নির্দেশনা অনুসরণ করুন, ওই এলাকাটি এড়িয়ে যান এবং নিরাপদ থাকুন। এ ঘটনায় গ্লাসগো সেন্ট্রাল ট্রেন স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং এতে ট্রেন চলাচলও ব্যাপক বিঘিœত হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেনের ন্যাশনাল রেল। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ে জানতে সিএনএন স্কটল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে সাড়া পায়নি।
