ঢাবির নাটমণ্ডলে আজ থেকে ‘তাবুলা রাসা’

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:৩২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘তাবুলা রাসা’। আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে এ নাটকটি মঞ্চস্থ হবে। হেনরিক ইবসেন প্রণীত বিবিধ নাট্যের নির্বাচিত দৃশ্যের অখণ্ড ভাবকল্প ‘তাবুলা রাসা’; নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. আহমেদুল কবির। হেনরিক ইবসেন রচিত ‘অ্যা ডল’স হাউজ’, ‘পিয়ার গিন্ট’ ও ‘ওয়াইল্ড ডাক’ নাটক তিনটি থেকে নির্বাচিত দৃশ্যের নৃত্য-সংগীত-স্থান-স্থাপনা-শরীরী স্থাপত্য ও অভিনয় সহযোগে একটি অখণ্ড ভাবকল্প রূপে এই নিরীক্ষাধর্মী প্রযোজনাটি নির্মিত হয়েছে। স্নাতকোত্তর সমাপনী সেমিস্টারে এই ‘শূন্য আয়তনে কাটা দাগ’ রূপী প্রযোজনা থেকে ছবি শব্দ সংলাপ ও জীবনের রূপক তৈরি হবে’ এই আশাবাদ থেকে এই অন্তর্বর্তী প্রযোজনা মঞ্চে আসছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের এই অগ্রসরমান প্রযোজনার নামরূপে গৃহীত তাবুলা রাসা ল্যাটিন ভাষা থেকে গৃহীত। ল্যাটিন এই শব্দের আক্ষরিক অর্থ হলো ‘পরিষ্কার প্লেট’। লালনের দর্শনের সঙ্গে এর দারুণ মিল আছে। যেমন মানুষ জন্মায় কোনো সংস্কার ছাড়াই, পরে সমাজ বা পরিবেশ তার ওপর দাগ কাটে। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা এমন এক ধারণাগত শূন্যতা থেকে হেনরিক ইবসেনের বিভিন্ন নাট্যকর্মকে নিজেদের কায়াসাধন-শিক্ষণ প্রণালীর অংশ করে নিয়েছে যেখান থেকে নতুন সৃষ্টির সম্ভাবনার আরম্ভ সূচিত হয়।

নতুন চিন্তা ও সৃজনশীলতা বিকাশের প্রয়োজনে পৃথিবীর সব ভাষা ও সংস্কৃতির ভাণ্ডার থেকে সমৃদ্ধ হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সমৃদ্ধ হতে পারি আবার অপরকে ঋদ্ধ করতে হতে পারি। এ হলো এক সংস্কৃতি কিংবা এক ভাষার সঙ্গে অপর সংস্কৃতি বা ভাষার নিরন্তর সংলাপ ও সমৃদ্ধির প্রক্রিয়া।’

সর্বশেষ সর্বাধিক পঠিত