কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। আজ শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। পূরবী বসুর ছেলে দীপেন দত্ত এক ফেসবুক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন।

ফেসবুক পোস্টে মায়ের দীর্ঘ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন দীপেন দত্ত। তিনি জানান, দুই বছর আগে বড় ধরনের স্ট্রোক করেন পূরবী বসু। এর পাঁচ বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। এর আগে ক্যান্সার জয় করেছিলেন। প্রায় ২০ বছর আগে পারকিনসন্স রোগ শনাক্ত হওয়ার পরও দীর্ঘদিন জীবনসংগ্রাম চালিয়ে গেছেন এই বিজ্ঞানী ও লেখক। 

দীপেন দত্ত আরও জানান, পূরবী বসুর আজীবনের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে দান করার প্রক্রিয়া চলছে।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে আন্তর্জাতিকভাবে পরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন তিনি। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। পরবর্তী সময়ে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

বিজ্ঞানচর্চার পাশাপাশি সাহিত্যেও রেখেছেন উল্লেখযোগ্য অবদান। তার লেখায় নারীর অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন ও সংগ্রাম গুরুত্ব পেয়েছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে প্রকাশিত হয়েছে তার ৪০টির বেশি বই।

পূরবী বসুর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন পূরবী বসু।

সর্বশেষ সর্বাধিক পঠিত