হবিগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:২০ পিএম

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক উল্লার ছেলে।

কারাগার ও পারিবারিক সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় আড়াই মাস ধরে রাসেল মিয়া হবিগঞ্জ জেলা কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। মঙ্গলবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রাসেলের চাচাতো ভাই সোহেল মিয়া অভিযোগ করে বলেন, ঘটনার একদিন আগে তাদের আত্মীয়-স্বজন কারাগারে গিয়ে রাসেলের সহযোগী আসামিদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তখন তারা জানিয়েছিলেন রাসেল ভালো আছেন। তিনি দাবি করেন, রাতে গুরুতর অসুস্থ হলেও তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে কারাগার হাসপাতালে ফেলে রাখা হয় এবং পরদিন সকালে সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। এছাড়া কারাগার কর্তৃপক্ষ তাদের বিষয়টি সময়মতো অবগত করেনি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন জানান, হাজতি রাসেল মিয়ার প্রথমে জ্বর ছিল। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত