অক্ষর ভীষণ রেগে গিয়েছিলেন; শেষ পর্যন্ত ক্ষমা চান সূর্যকুমার!

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

সাম্প্রতিক আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। গুরুত্বপূর্ণ ম্যাচে অল-রাউন্ডার অক্ষর প্যাটেলকে একাদশের বাইরে রাখতে হয়েছিল। এই সিদ্ধান্তে বেচারা অক্ষর বেশ ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন সূর্যকুমার। পরে অধিনায়ক তার কাছে ক্ষমা চান।

সূর্যকুমার যাদব বলেন, ‘সে খুব রেগে গিয়েছিল এবং তার রাগ করা স্বাভাবিক। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, একটি ফ্র্যাঞ্চাইজি দলের নেতৃত্বও দেয়। তাই রাগ করা স্বাভাবিক ছিল। আমি তাকে বলেছিলাম, “আমি ভুল করেছি, আমি দুঃখিত। কিন্তু সিদ্ধান্তটা দলের স্বার্থে নেওয়া হয়েছিল।” আসলে সিদ্ধান্তটা খুব কঠিন ছিল। তবে পরের দিন আমরা আবার কথা বলি এবং বিষয়টা মিটিয়ে ফেলি।’

সদ্য শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। পাশাপাশি সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনি একাদশে ছিলেন না। সেই ম্যাচে ৭৬ রানে হারের পর আবার দলে ফেরানো হয় অক্ষরকে। এরপর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে ভারত।

সূর্যকুমার যাদব জানান, ২০২৪ সালে অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা শুরু হয়েছিল। তিনি বলেন, ‘আমরা বুঝেছিলাম ২০২৪ সালের বিশ্বকাপে যে ধরনের ক্রিকেট খেলেছিলাম, সেটা ভবিষ্যতে কাজ করবে না। তাই আমরা ঠিক করি—এখন থেকে ব্যক্তিগত মাইলফলকের দিকে না তাকিয়ে ম্যাচ জেতাই হবে মূল লক্ষ্য।’

তিনি আরও যোগ করেন, ‘আপনি লক্ষ্য করলে দেখবেন, সেমিফাইনাল পর্যন্ত আমাদের কোনো খেলোয়াড়ই সর্বোচ্চ রান সংগ্রাহক বা উইকেট শিকারির তালিকার শীর্ষে ছিল না। কিন্তু আমরা জিতেছি, কারণ প্রতিটি ম্যাচে দলের সবাই অবদান রেখেছে। প্রায় দেড় বছর আগে থেকেই আমরা এই দলীয় সংস্কৃতি গড়ে তোলা শুরু করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত