নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

বরগুনার আমতলীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা। ছেলে রাহাত মিয়া আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাহাত পৌরসভার ওয়াপদা সড়ক এলাকার ইদ্রিস মৃধার ছেলে।

ছেলে রাহাত মৃধা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাবা ইদ্রিস মৃধা তাকে ত্যাজ্য ঘোষণা করেছেন। ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেছেন, রাজনীতি করার কারণে তাঁর সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমতলীর নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে ছেলে রাহাত মিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন ইদ্রিস মৃধা। বিষয়টি আজ (২৯ নভেম্বর) জানাজানি হলে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অ্যাফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার মেজ ছেলে রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বাবা ইদ্রিস বারবার রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার জন্য নিষেধ করলেও রাহাত তাঁর কথা শোনেননি। উল্টো তিনি বাবা ইদ্রিসের ওপর ক্ষিপ্ত হন। এ কারণে ছেলে রাহাত মিয়ার সঙ্গে সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার মর্মে অ্যাফিডেভিট করেন তিনি।

এ বিষয়ে ইদ্রিস মৃধা বলেন, ‘আমি রাজনীতি করি না। ছেলেকে বলেছি এসব না করতে। ও আমার কথা শোনে না। ওর জন্য আমার অনেক হয়রানির শিকার হতে হয়েছে। ও কারও কোনো কথার তোয়াক্কা করে না। নিজের খেয়ালখুশিমতো চলে। তাই আমি আমার বাকি জীবনের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মেজ ছেলে রাহাত মৃধার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই, যা আমি অঙ্গীকারনামায় ঘোষণা করেছি।’

এ বিষয়ে আমতলী উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মৃধা বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত