রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহতে জামায়াতের শোক

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপালের গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও সাধারণ যাত্রীদের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। হঠাৎ করে এভাবে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, আমি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত