পুঁজিবাজারের সদস্যভুক্ত ১১ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন ও একটি ব্রোকারেজ হাউজকে রি-সার্টিফিকেশন দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর লক্ষ্যে ডিএসই প্রতিষ্ঠানগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করে।
গত ১১ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইয়ের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ব্রোকারেজ হাউজগুলোকে ফিক্স সার্টিফিকেশন দেন। গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ফিক্স সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো এনএফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আমার সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মোনা ফিন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, প্রাইলিঙ্ক সিকিউরিটিজ লিমিটেড, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, স্কাইলাইন সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড।
সনদ প্রদান অনুষ্ঠানে ডিএসইয়ের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ‘২০২০ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস)-ভিত্তিক ব্রোকার হাউজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালুর উদ্যোগ নেয়। এ উদ্যোগের আওতায় ৭৬টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে লেনদেনের জন্য ডিএসইতে আবেদন করে।’
