ডিএমপিতে ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:০৪ এএম

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিএমপির আটটি অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। এছাড়া শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর থানা।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের আয়োজিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

পরিসংখ্যানে দেখা যায়, ফেব্রুয়ারিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার শামীম হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন গেন্ডারিয়া থানার রাকিবুল ইসলাম রাজিব ও মোহাম্মদপুর থানার মো. জসিম। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার রকিবুল হাসান ও গুলশান থানার সুমন ইসলাম।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-মতিঝিল বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী ট্রাফিক জোনের সার্জেন্ট আল ফরহাদ মোল্লা ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রাসেল আলম।

যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত