জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরিষাবাড়ী পৌর শহরের শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে রয়েছেন তাইয়াবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২) এবং পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০), আনিসুর রহমান আনিস (৪০), সাদ্দাম, মতালেব হোসেন ও রঞ্জু মিয়া।
গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার তাইয়াবা পরিবহনের একটি বাস চালানোর দায়িত্ব স্থানীয় চালক আনিসুর রহমানকে দিয়েছিলেন বাস মালিক তারা মিয়া। তবে নিয়মিত হিসাব না দেওয়ায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মালিক।
এতে ক্ষুব্ধ হয়ে আনিসুর রহমান গত দুই দিন ধরে মালিককে অশালীন ভাষায় গালাগাল করছিলেন বলে জানা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মিয়া ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় গেলে খবর পেয়ে আনিসুর রহমানের নেতৃত্বে ২০-৩০ জন পরিবহন শ্রমিক তাদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, পরিবহন সংশ্লিষ্টরা বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করবেন বলে জানিয়েছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
