২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ রোগী, এমন দৃশ্য জীবনে দেখিনি : বিমানমন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

২৫০ শয্যার হাসপাতালে ৮৬৭ রোগী। একটি ইনকিউবেটরে রাখা হচ্ছে তিনটি নবজাতক। ২০২১ সালে পরিত্যক্ত ঘোষণা করা ভবনেই চলছে চিকিৎসা সেবা। এমন চিত্র দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন মন্ত্রী।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো। হাসপাতাল দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনও দেখিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন এটাকে করেছিলেন। এই বিশ বছরের এর মধ্যে কখনো হাত দেওয়া হয় নাই। তিন যুগ পরে এই একই হাসপাতালে যেখানে ২৫০ রোগী থাকার কথা, সেখানে আজকে আছে ৮৬৭ জন। এবং তাদের যে মানবেতর অবস্থা, এই অবস্থা আমি দেখে খুবই বিস্মিত এবং আমার জীবনে এরকম সিনারিও চোখে পড়ে নাই। আর জীবনে এরকম হাসপাতাল বাংলাদেশের কোথাও আছে, এটা আমার মনে হয়, আমার জানা নাই, থাকার কথাও না। এখানে বিছানা আপনার সবগুলি হলো নিচে।

শিশু ওয়ার্ড ও ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন- 'বাচ্চাকাচ্চাদের ইনকিউবেটরে একটা বাচ্চার জায়গায় তিনটা করে রেখে দিচ্ছে। আপনার মানে কি যে নোংরা এবং এই বিল্ডিংটাকে আপনার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ২০২১ সালে, তারপরেও এখানে রোগী আছে।'

এসময় উপস্থিত ছিলেন জামালপুর পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত