পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করার যে নির্দেশ নিম্ন আদালত দিয়েছিল, তা বাতিল করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আসজাদ জাভেদ ঘুরাল এই রায় প্রদান করেন। ফলে আইনি ঝামেলা থেকে রেহাই পেলেন বাবর।
পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’ জানিয়েছেন, ২০১৮ সালে হুমাইজা মুখতার নামের এক নারী বাবর আজমের বিরুদ্ধে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ এনে পুলিশের কাছে মামলার আবেদন করেছিলেন। পরবর্তীতে এই অভিযোগের ভিত্তিতে একটি নিম্ন আদালত পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন বাবর। সে পিটিশনের আদেশ এলো এবার।
শুনানির সময় বাবর আজমের আইনজীবী হ্যারিস আজমত আদালতে যুক্তি দেন যে, অভিযোগকারী নারী সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আবেদন করেছেন। তিনি আরও অভিযোগ করেন যে, ওই নারী ক্রিকেটারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এবং সেই টাকা না পেয়েই হয়রানিমূলক এই মামলা করার চেষ্টা করেন। নিম্ন আদালত যথাযথ আইনি প্রক্রিয়া এবং তথ্যপ্রমাণ বিচার না করেই মামলা করার নির্দেশ দিয়েছিল বলেও তার অভিযোগ।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি আসজাদ জাভেদ ঘুরাল নিম্ন আদালতের দেওয়া সেই আদেশটিকে ‘অকার্যকর’ এবং ‘আইনবহির্ভূত’ হিসেবে ঘোষণা করেন। এর ফলে বাবর আজমের বিরুদ্ধে পুলিশি মামলা বা এফআইআর করার আর কোনো আইনি বাধ্যবাধকতা রইল না। বর্তমানে পাকিস্তান ক্রিকেটে যখন পারফরম্যান্স এবং দলগত সমন্বয় নিয়ে নানা আলোচনা চলছে, তখন ব্যক্তিগত এই আইনি লড়াইয়ে জয় বাবর আজমের জন্য স্বস্তি বয়ে আনল।
দ্রুততম ১০০ জয়ের রেকর্ড গড়লেন ‘ইউরোপা স্পেশালিস্ট’ এমেরি
‘আমাদের বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’ -ট্রাম্পকে কড়া জবাব ইরানের