ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক হামলায় প্রথম দিনই আহত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, আমার মনে হয়, সেটাই হয়েছে। আমার ধারণা তিনি আহত, কিন্তু কোনোভাবে তিনি এখনো বেঁচে আছেন। ইরানের নতুন নেতার লিখিত বার্তা প্রকাশের পর এটি ছিল মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া।
এর আগে সোমবার মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে এই ঘোষণার সময় তার শারীরিক সুস্থতা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানান, তিনি শুনেছেন মোজতবা খামেনির হাত-পায়ে আঘাত লেগেছে এবং তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও ট্রাম্প একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমরা সামরিক, অর্থনৈতিকসহ সব দিক দিয়ে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেব।’
সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ইরানের নৌবাহিনী শেষ। বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন- সবকিছু ধ্বংস করা হচ্ছে। এমনকি তাদের নেতাদেরও আর দেখা যাচ্ছে না।’
পোস্টে ট্রাম্প আরও লেখেন, ‘আমাদের কাছে অতুলনীয় সামরিক শক্তি, সীমাহীন গোলাবারুদ ও পর্যাপ্ত সময় রয়েছে। তারা গত ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষ হত্যা করে আসছে। আর এখন আমি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটি করতে পারা আমার জন্য বড় সম্মানের।’
