পোল ভল্টে নিজের আধিপত্যকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন সুইডিশ তারকা আরমান্ড ‘মন্ডো’ ডুপ্লান্টিস। ঘরের মাঠে আয়োজিত ‘মন্ডো ক্লাসিক’ ইনডোর মিটে ৬.৩১ মিটার উচ্চতা পেরিয়ে ভেঙে ফেলেন গত বছর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের গড়া রেকর্ড। টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬.৩০ মিটার উচ্চতা পাড়ি দিয়েছিলেন ডুপ্লান্টিস।
বৃহস্পতিবার উপসালায় নিজের নামের সাথে মিল থাকা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ডুপ্লান্টিস তার আগের রেকর্ডটি ১ সেন্টিমিটার ব্যবধানে টপকে যান। রেকর্ড উচ্চতায় পৌঁছাতে এদিন তিনি একটিবারের জন্যও ব্যর্থ হননি।
প্রতিযোগিতার শুরু থেকেই ছন্দে ছিলেন এই অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন। শুরুতে ৫.৬৫ মিটার দিয়ে নিজের লড়াই শুরু করেন। এরপর ৫.৯০ মিটার এবং ৬.০৮ মিটার উচ্চতা অনায়াসেই পার করেন তিনি। এরপর সরাসরি ২৩ সেন্টিমিটার বাড়িয়ে বার বসানো হয় ৬.৩১ মিটারে। প্রথম প্রচেষ্টাতেই সেই উচ্চতা টপকে দর্শকদের উল্লাসে ভাসান তিনি।
রেকর্ড গড়ার পর আবেগাপ্লুত ডুপ্লান্টিস স্থানীয় দর্শকদের উদ্দেশ্যে বলেন, "এটি আমার ঘর। আমি যখনই ট্র্যাকে নামি, আপনাদের প্রতিনিধিত্ব করি। আপনাদের সামনে এই রেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। আমি নিজের জন্য, পরিবারের জন্য এবং যারা আমাকে সমর্থন করেন—সবার জন্যই খেলি।" তিনি আরও জানান, রেকর্ড উচ্চতা স্পর্শ করতে এদিন তিনি কিছুটা দীর্ঘ রান-আপ এবং আরও শক্ত পোল ব্যবহার করে নতুন কৌশল অবলম্বন করেছিলেন।
এ নিয়ে ক্যারিয়ারে ১৫ বারের মতো বিশ্বরেকর্ড ভাঙলেন এই ২৬ বছর বয়সী অ্যাথলেট। প্রথম বিশ্ব রেকর্ড গড়েন তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে। পোল্যান্ডের টরুনে অনুষ্ঠিত ওরলেন কোপের্নিকাস কাপে ৬.১৭ মিটার উচ্চতা পাড়ি দিয়ে রেকর্ডটি গড়েন। এর পর থেকে ধীরে ধীরে সেই উচ্চতা আরও ১৪ সেন্টিমিটার বাড়িয়েছেন। প্রতিবারই মাত্র ১ সেন্টিমিটার করে নিজের রেকর্ডকে আরও উঁচুতে স্থাপন করেছেন ডুপ্লান্টিস। অর্থাৎ ডুপ্লান্টিসের প্রতিযোগিতাটি আসলে তাঁর নিজের সঙ্গেই। চলতি মাসের শেষের দিকে পোল্যান্ডের তোরুন-এ অনুষ্ঠিতব্য বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে আবারও নিজের রেকর্ড ভাঙার সুযোগ পাবেন এই সুইডিশ কিংবদন্তি।
১৯৮৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ছয়টি বৈশ্বিক খেতাব জিতেছিলেন ইউক্রেনের কিংবদন্তি পোল ভল্টার সের্গেই বুবকা। তাঁর সেই কীর্তির পর প্রথম পুরুষ পোল ভল্টার হিসেবে গত সেপ্টেম্বরে টানা তিন বৈশ্বিক খেতাব জেতেন অলিম্পিকে দুবারের চ্যাম্পিয়ন ডুপ্লান্টিস।
ক্যারিয়ারে ডুপ্লান্টিসের মোট ১৩০টি জয়, এর মধ্যে শেষ ৫০টি জয় পেয়েছেন টানা। সর্বশেষ ৮৪টি প্রতিযোগিতার মধ্যে ৮২টিতে জিতেছেন এবং ২০২৩ সালের ২১ জুলাইয়ের পর থেকে কোনো প্রতিযোগিতায় হারেননি।
১০৩ রানের উদ্বোধনী জুটির পর পাকিস্তানের ছন্দপতন, ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ